প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘দেশের জনগণকে উন্নয়নের কল্পকাহিনী শোনাতে শোনাতে হঠাৎ করে দুর্ভিক্ষ আসছে বলে মাননীয় যে বক্তব্য দিলেন তা লুটেরাদের লুটপাটে উৎসাহিত ও সুযোগ সৃষ্টি করবে এবং এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে—তাই জনগণ ক্ষতিগ্রস্ত হবে।’
শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল ইনার সার্কুলার রোডে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় এসব কথা বলেন সুব্রত চৌধুরী।
তিনি বলেন, ‘অস্থিতিশীল রাজনৈতিক সংকট সৃষ্টি করে সরকার দেশকে আরও গভীর সংকটে ফেলবে। উত্তরণে সুশাসনের কোনও বিকল্প নেই। সুশাসন প্রতিষ্ঠা করার একমাত্র উপায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।’
এসময় উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।