খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চলছে। এরমধ্যে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২০ ভাগ বাড়ানো হয়েছে। নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা। বুধবার (২৩ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘শিগগিরই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার কথা শোনা যাচ্ছে। নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে মানুষ হিমশিম খাচ্ছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের জীবন। জিনিসপত্রের দাম কমাতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।’
দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।