একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিষ্ক্রিয় হয়ে পড়েছিল সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্ট। নীরবে সরে পড়ে ফ্রন্টের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপও। এরইমধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও জোটকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে শরিক দলগুলো।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান।
জাহাঙ্গীর আলম জানান, জাতীয় যুক্তফ্রন্টকে কার্যকর করা হচ্ছে। এই লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যুক্তফ্রন্টের ব্যানারে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকাল ৪টায় বিকল্পধারার মধ্য বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তফ্রন্টের শরিকদের নিয়ে আয়োজিত এক যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এমপি’র সভাপতিত্ব ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব এনায়েত কবিরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জনদলের (বিজেডে) চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান শেখ মো. আসাদুজ্জামান, বিজেডি’র সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বাংলাদেশ শরিয়া আন্দোলনের আমির মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক, মুফতি ইহসানুল হক প্রমুখ।