আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র (মার্কসবাদী) পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকার নবাবপুর মোড় এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বাসদের নেতারা বলেন, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক অধিকারগুলো পুনরুদ্ধার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সর্বজনীন রেশন ব্যবস্থা চালুর দাবি এখন গণদাবিতে রূপ নিয়েছে। এ গণআন্দোলনের চাপ যতদিন সরকারের ওপর থাকবে ততদিন জনগণ গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করতে পারবে।
তারা বলেন, বর্তমান ব্যবস্থায় কোনও শাসকই এই অধিকারগুলো জনগণকে চর্চা করতে দেয় না। শাসকগোষ্ঠীর বিপরীতে জনগণের নিজস্ব লড়াইয়ের শক্তি ধারণ করে বাম গণতান্ত্রিক শক্তি। তাই বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ভোট, ভাত ও মত প্রকাশের অধিকার পুনরুদ্ধার ও রক্ষা জন্য এবং ব্যবস্থার আমূল পরিবর্তনে সর্বস্তরের জনগণকে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।
পথসভায় পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ ও দলের প্রচারপত্র বিলি করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি কমরেড মানস নন্দী, ঢাকা নগরের সদস্য সুষ্মিতা রায় সুপ্তি প্রমুখ।