এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রলীগের শুভেচ্ছা

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান (মাদ্রাসা ও কারিগরি) পরীক্ষায় অংশগ্রহণকারী এবং উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক বার্তায় এ শুভেচ্ছা জানান।

এতে বলা হয়, স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক, সুদূরপ্রসারী দৃষ্টান্তমূলক শিক্ষা সংস্কারের পথ দেখিয়েছেন সেটির আলোকেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন, চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিক্ষানীতি প্রণয়ন করে দেশের শিক্ষাব্যবস্থা পরিচালনা করছেন। এরই আলোকে শিক্ষা বাজেট বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তকরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি দেওয়া, করোনাকালে বিচিত্র শিক্ষা কার্যক্রম পরিচালনা, সব স্তরে বিজ্ঞানভিত্তিক ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো, নকল ও প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষা, সন্ত্রাস ও সেশনজটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাব্যবস্থাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বর্তমানে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারছে। এতে শিক্ষাবৈষম্য দূর হয়ে কর্মসংস্থানের ক্ষেত্রে সম-প্রতিযোগীতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’– প্রতিপাদ্যটি বাংলার প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের জীবন গঠনে মূলমন্ত্র হিসেবে ধারণ করেছে। এই মূলমন্ত্রের আলোকে নিজেদের জীবন গঠনের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের এবং দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত আধুনিক, উন্নত, তথ্য-প্রযুক্তিনির্ভর, চতুর্থ শিল্পবিপ্লর উপযোগী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে এ দেশের ছাত্রসমাজ। বাংলাদেশ ছাত্রলীগ নির্ভরতার ঠিকানা হয়ে অতীতের মতো আগামীতেও ছাত্রসমাজের পাশে থাকবে।