‘কাঁঠাল থেকে আমসত্ত্ব হবে না, বিএনপির পক্ষে কল্যাণ সম্ভব না’

কাঁঠাল থেকে যেমন আমসত্ত্ব হবে না, তেমনি বিএনপি'র পক্ষে এই দেশের মানুষের কল্যাণ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সাম্যবাদী দলে (এম-এল) নতুন সদস্যদের যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে। অনুষ্ঠানে দলটিতে যোগদানকারী নতুন সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া বলেন, শুধু ক্ষমতা পালা বদল হলে জনগণের মুক্তি আসতে পারে না। সমাজের পালা বদল দরকার, সমাজ পরিবর্তনের দরকার। কোনও কোনও বিরোধীদল আজকে আছে, তারা বলছেন, ক্ষমতায় গেলে নাকি তারা অনেক কিছু করে দেবেন। তারাতো ক্ষমতায় ছিলেন, তারা কি করেছে? তারা কিছু করতে পারেন নাই। বরং পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তখন সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছিল।

তিনি বলেন, ‘আজ যারা বিরোধী দলে থেকে ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি করতে চাচ্ছেন এদের পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে না। বিএনপির পক্ষে এদেশের কল্যাণ করা সম্ভব হতে পারে না।’

দিলীপ বড়ুয়া ছাত্র অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন উল্লেখ করে বলেন, ‘কাঁঠাল থেকে কি আমসত্ত্ব হয়? আম থেকেই আমসত্ত্ব হয়। কাঁঠাল থেকেতো আর আমসত্ত্ব হবে না। আমরা বুঝি বিএনপি বড়লোকদের রাজনৈতিক দল। তারা গরীব মানুষের রাজনৈতিক দল নয়। তারা যদি আবার ক্ষমতায় যায় তাহলে বড়লোকদের স্বার্থ রক্ষা করবে। আপনার শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা হবে না। এ বিষয়টি আপনাদের উপলব্ধি করতে হবে। নাইলে আপনারা প্রতারিত হবেন, জনগণ আবার প্রতারিত হবে।’

নিজের দলের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এখন চাই শ্রমিক কৃষকের রাষ্ট্র ক্ষমতা দখল। কিন্তু শ্রমিক কৃষকের রাষ্ট্র ক্ষমতা দখলতো এমনি এমনি করতে পারবেন না। সেজন্য আপনাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। আপনাদের দলকে শক্তিশালী করতে হবে।’

সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান আহমেদ বিশ্বাস'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড মো. রফিক, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, মো. ইয়াসিন মিয়া, অ্যাড. কামরুল ইসলাম, মো. আবুল কাশেম দুলাল শামীমা আক্তার ও ঝুমা আক্তার প্রমুখ।