ভারতের কমিউনিস্ট পার্টির কংগ্রেসে অতিথি সাইফুল হক

ভারতের কমিউনিস্ট পার্টি (এম-এল) লিবারেশনের কংগ্রেসে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ইতোমধ্যে ভারতের পাটনার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দলটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের কমিউনিস্ট পার্টি (এম-এল) লিবারেশনের ১১তম পার্টি কংগ্রেসে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ বিকালে পাটনার উদ্দেশ্যে বিমানযোগে কলকাতায় রওনা হয়েছেন।

তিনি পার্টির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পার্টির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন-রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ।

বিহারের পাটনায় ১৫ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সিপিআই (এম-এল) লিবারেশনের এই সর্বভারতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে।

সাইফুল হক কংগ্রেসের প্ল্যানারি অধিবেশনে বক্তব্য রাখবেন। ভারতে অবস্থানকালে তিনি ভারতের বিভিন্ন বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে  দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে মত বিনিময় করবেন। এছাড়া ভারতের নাগরিক সমাজের বেশ কিছু প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। সাইফুল হক ভারতে অবস্থানকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।