সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে পদত্যাগ ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে গণফোরাম ও পিপলস পার্টি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর মতিঝিলে পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সভায় এ দাবি জানানো হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন যখন বলে আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই, তখন ওবায়দুল কাদের সাহেবের মুখ শুকিয়ে যায়! ফ্যাসিস্ট সরকার, অগণতান্ত্রিক সরকার ও জনগণের বিরুদ্ধের সরকারকে আমেরিকা, ভারত, চীন ও জাপানসহ কোনও গণতান্ত্রিক শক্তি সমর্থন করে না, যার প্রমাণ আমেরিকায় গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায় না।’
সুব্রত চৌধুরী উল্লেখ করেন, আগামী দিনে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য আপনাকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, ছোলা, ডিম, তেল, আটা, লবণ, চিনি ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-পীড়নের বিরুদ্ধে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে শুক্রবার গণপদযাত্রা করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
গণপদযাত্রায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী।
উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি পরিষদের সদস্য আবদুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আব্দুল কাদের, কো-চেয়ারম্যান পারভিন নাছের খান ভাসানী, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, নাজমা আক্তার, রানী শেখসহ বাংলাদেশ পিপলস পার্টির কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণের নেতারা।