সরকারের এখন আন্তর্জাতিক সমর্থনও নেই: নুর

সরকার দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক মেরুকরণের ফলে সরকারের এখন আন্তর্জাতিক সমর্থনও নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (১ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার, হামলা, মামলা, হয়রানি ও হুমকির প্রতিবাদে গণপদযাত্রা শেষে এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৩টায় রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো ব্যাজ ধারণ করে এই গণপদযাত্রা শুরু করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

সমাবেশে নুরুল হক নুর বলেন, পৃথিবীর কোনও দেশে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র দীর্ঘায়িত হয়নি। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের আর এক্সটেনশন করতে দেওয়া যাবে না।

নুরুল হক নুর আরও বলেন,  সরকার দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক মেরুকরণের ফলে সরকারের এখন আন্তর্জাতিক সমর্থন নেই। গত কয়েকমাস ধরে বিএনপিসহ সব বিরোধী দল শান্তিপূর্ণ অহিংস আন্দোলন করছে। সেই আন্দোলনকে সহিংস করার জন্য ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়ে আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য তৈরি করছে। এভাবে হামলা, মামলা, গুম, হত্যা, প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা — এসব নৈরাজ্যের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে তারা।IMG_20230301_171241-01(1)

তিনি আরও বলেন, হামলা, মামলা চলছে, আরও কিছুদিন চলবে। কারণ রক্ত দেওয়া ছাড়া পৃথিবীতে কোনও গণআন্দোলন সফল হয়নি। নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া ছাড়া কোনও গণঅভ্যুত্থান হয়নি। আজকে বিরোধী দলের ওপর যে নির্যাতন-নিপীড়ন চলছে, সেই নির্যাতন-নিপীড়নেই জনগণ ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনার পতন ঘটাবে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মামুন হাসানের সভাপ‌তি‌ত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ড. আব্দুল মালেক ফরাজী, শাকিলুজ্জামান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন আক্তার, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ফাহিম প্রমুখ।