বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বর্তমানে বাজারে গেলে সরকার নামে দেশে কোনও কিছুর অস্তিত্ব আছে বলে মনে হয় না।’
শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) মিলয়নায়তনে বাংলাদেশ কংগ্রেসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘যেভাবে একের পর এক ভবনে বিস্ফোরণ হচ্ছে, ঠিক একইভাবে এই সরকারের বিরুদ্ধেও যেকোনও সময়ে গণবিস্ফোরণ ঘটতে পারে।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, ‘গত ৫২ বছরে বাংলাদেশ লুটেরাদের রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই জনগণের মনের কথা বলার জন্য, জনগণের অধিকার আদায়ের কথা বলার জন্যই বাংলাদেশ কংগ্রেসের জন্ম হয়েছে।’ আগামী দিনে যেকোনও ধরনের লড়াই-সংগ্রামের জন্যও প্রস্তুত থাকতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান।
উল্লেখ্য, তিন বছর পর অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বে তেমন কোনও পরিবর্তন আসেনি। দলের শীর্ষ পদে ঘুরেফিরে আবারও পুরনোদেরই নির্বাচিত করা হয়েছে।