সাধারণ জনগণকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য টিসিবির কম মূল্যে এক কোটি মানুষকে তেল, চিনি, ডাল বিতরণ কার্যক্রম যেন দুর্নীতির কবলে না পড়ে সে জন্য সরকারি নজরদারি খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলটির উদ্যোগে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। এসময় তিনি এ মন্তব্য করেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া বলেন, সাম্প্রতিককালে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানির অব্যাহতভাবে মূল্য বৃদ্ধি জনগণের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি করছে। এই অস্থিরতাকে কাজে লাগিয়ে অগণতান্ত্রিক ও কায়েমি স্বার্থান্বেষী মহল দেশে এক ধরনের শঙ্কা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার সুযোগ পাবে। তাছাড়া সরকারের গৃহীত পদক্ষেপের ফলে জনগণের মধ্যে প্রতিভাত হচ্ছে যে সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা যেন সরকার হারিয়ে ফেলেছে। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হকের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাহিদ আহমেদ, কবি সুনীল শীল, সুলতান আহমেদ বিশ্বাস, মো. রফিক, যুবনেতা শওকত খান, মহানগর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ইয়ামিন মিয়া প্রমুখ।