স্বাধীনতার ৫২ বছরেও শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা হয়নি: সাকি

স্বাধীনতার ৫২ বছর পরও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বিশাল একটা অংশ শ্রমিক এবং কৃষক পরিবারের। যুদ্ধের ঘোষণায় ছিল রাষ্ট্র সকল নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। স্বাধীনতার আজকে ৫২ বছর হয়ে গেলো। শেখ হাসিনার নেতৃত্বে সরকার নাকি উন্নয়ন করে আমাদের সিঙ্গাপুর-মালয়েশিয়ার মতো বানিয়ে দিয়েছে। তবে আমাদের এই দেশে আজ পর্যন্ত জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় নাই। আপনি ঘণ্টা হিসেবে কাজ করবেন, দিন হিসেবে করবেন, সপ্তাহ হিসেবে করবেন, মাসব্যাপী কাজ করবেন আর একেকজন আপনাকে একেকভাবে মজুরি দিবে।

বাংলাদেশ পৃথিবীর মধ্যে স্বাস্থ্যের দিক থেকে অন্যতম ব্যয়বহুল দেশ উল্লেখ করে সাকি বলেন, আমাদের দেশে মানুষের আয়ের সঙ্গে স্বাস্থ্যের যে ব্যয় তা তুলনা করলে খুব কম দেশ পাওয়া যাবে। আমরা যদি ক্ষমতায় যাই দেশের প্রতিটি জনগণের জন্য জাতীয় পরিচয়পত্রের মতো সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড প্রদান করবো। সামান্য প্রিমিয়াম দিয়ে নাগরিকরা যে কোনও চিকিৎসা সরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মন্টু, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান, মোস্তফা জামাল হায়দার প্রমুখ।