তৃণমূল বিএনপির নেতৃত্বে নাজমুল হুদার কন্যা অন্তরা সেলিমা

বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির নেতৃত্বে এসেছেন তারই কন্যা অন্তরা সেলিমা হুদা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি মনোনীত হয়েছেন। 

শনিবার (৬ মে) গুলশানে একটি বাড়িতে এক সংবাদ সম্মেলনে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। এ সময় নাজমুল হুদার স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে অন্তরা সেলিমা হুদা বলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাও শহীদ পরিবারের সদস্যদের প্রতি। সবাই অবগত আছেন গত ১৯ ফেব্রুয়ারি আমার বাবা তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা পরলোক গমন করেন।

ব্যারিস্টার নাজমুল হুদা দীর্ঘ ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সবসময় দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করে গেছেন উল্লেখ করে অন্তরা সেলিমা হুদা জানান, তিনি রাজনীতি ও পাশাপাশি ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’ নামে একটি ও অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করেন।

অন্তরা হুদা বলেন, ‘আমার বাবা সবসময় রাজনীতিতে সহজ সত্য কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচিত ও সমালোচিত হন। কিন্তু আমার বাবার এই সহজ সরল সত্য কথা সবসময় সাধারণ জনগণের কাছে প্রচুর প্রশংসা অর্জন করে। আমার বাবার স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমি এই দায়িত্ব পালনে সম্মত হই।’

দলের সূত্র জানায়, গত ২২ মার্চ এক জরুরি সভা ও ৫ মে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদটি পূরণ করা হয়।