দেশের সম্পদ লুটপাটকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা ও চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ।
সোমবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাসদ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান দলের নেতারা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক এমপি নাজমুল হক প্রধান বলেন, ‘গোটা বাজারকে সরকার সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে। সরকারের কেউ তা নিয়ন্ত্রণ করতে পারেন না। বাজারে গিয়ে মানুষ মাছ-মুরগি কিনতে পারে না। লুটপাটের ফলে দেশ দেউলিয়ার পথে এগোচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সরকারকে বলতে চাই, সিন্ডিকেটের ক্ষমতা প্রত্যাহার করে বাজার নিয়ন্ত্রণ করুন। জীবনধারণ সহজ করুন। সঠিক ব্যবস্থায় নির্বাচন দিন। জনগণ ক্ষেপে গেলে কিন্তু সরকার টিকে থাকবে না।’
এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু গৌতম শীল, জাসদ মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিউদ্দিন, ইসমাইল হোসেন প্রমুখ।