সরকার পদত্যাগ না করলে ‘কঠোর কর্মসূচি’র হুঁশিয়ারি গণতন্ত্র মঞ্চের

আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে ‘কঠোর কর্মসূচি’র হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

মঙ্গলবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, তোমার অধীনে কোনও নির্বাচনে আমরা যাবো না। আমরা স্পষ্ট করে বলছি, তোমাকে যেতে হবে। পদত্যাগ করতে হবে, সংসদ ভাঙতে হবে। তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে। সেই সরকার দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা পায়।’

কঠোর কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে অনেকে প্রশ্ন করেন— এ (সরকার) তো যেতে চায় না। আমরাও জানি, এমনি কি যেতে চায়? ও (সরকার) যাতে যায়, সেই ব্যবস্থা করবার জন্যই তো এই পদযাত্রা, রোড মার্চ। সেই ব্যবস্থা করার জন্যেই আরও বৃহত্তর কঠোর কর্মসূচি আমরা দেবো এবং আমরা সবাই মিলে দেবো।’

তিনি আরও  বলেন, ‘যে যুগপৎ আন্দোলনের কথা আমরা বলেছি, যুগপৎ কর্মসূচির মধ্যে আমরা আছি, সেই যুগপৎ পদ্ধতির মধ্যে কর্মসূচির আওতায় আমরা এই রকম কর্মসূচি দেবো। যখন সরকারের আর কথা বলার জায়গা থাকবে না। আমরা সেই আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি।’

রাজধানীতে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা, ছবি: নাসিরুল ইসলাম

গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এখন থেকে নাকি তারা প্রতিরোধ করবেন। আমাদের লড়াইটা জনগণের অধিকার আদায়ের লড়াই। এই লড়াইকে নাকি তাদের প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে, এটাই তার প্রমাণ। এটা হচ্ছে, পতনের আগ মুহূর্তে লম্বঝম্প। এই লম্বঝম্প দিয়ে টেকা  যাবে না। ক্ষমতাকে অবশ্যই ছাড়তে হবে।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের ১৭ কোটি মানুষ কেউ আর এই সরকারকে দেখতে চায় না। আমরা পরিষ্কার করে সেজন্য বলেছি, সোজা পথে হাঁটেন, সেরাতুল মোস্তাকিম ধরেন। কিভাবে পদত্যাগ করবেন ঠিক করেন।’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, আপনারা (সরকার) যদি সোজা পথে না হাঁটেন, গণতন্ত্র মঞ্চ সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে, সব বিরোধী দলকে রাজপথে সমন্বিতভাবে বিদায় অর্জন না হওয়া পর্যন্ত, সেই লড়াইকে আমরা এগিয়ে নেবো, এবার মানুষে বিজয় হবে, বাংলাদেশ জিতবে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ ১৪ দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি পল্টন মোড় হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক গিয়ে শেষ হয়।

আগামী ২৮ মে রাজধানীর মালিবাগ রেলগেট থেকে বাড্ডা পর্যন্ত পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ। এরপর আগামী ৪-৭ জুন পর্যন্ত দিনাজপুর অভিমুখে রোড মার্চ করবে তারা।

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন—  ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী ও স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া প্রমুখ।