হয়রানি বন্ধের দাবিতে সিইসিকে এবি পার্টির স্মারকলিপি

রাজনৈতিক দলের অফিস ও কার্যক্রম যাচাইয়ে নির্বাচন কমিশনের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অপেশাদার ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। হয়রানিমূলক এসব কার্যক্রম বন্ধের দাবিতে বুধবার (২৪ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সচিব মো. জাহাংগীর আলমের সঙ্গে সাক্ষাৎ করে সিইসি’র কাছে লিখিত স্মারকলিপিটি প্রদান করেন।

স্মারকলিপিতে এবি পার্টি বলেছে, পরিদর্শন ও যাচাই বাছাইকালে জেলা, উপজেলা ও থানা নির্বাচনি কর্মকর্তারা যেসকল বিষয়ে তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় কাগজ, দলিল-পত্র পর্যবেক্ষণ করতে চেয়েছেন পার্টির স্ব স্ব অঞ্চল ও শাখার তৃণমূল নেতারা তা যথাযথভাবে উপস্থাপন করেছেন। কিন্তু কতিপয় জেলা, উপজেলা ও থানা কর্মকর্তা যাচাই-বাছাইকালে নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক, অপেশাদার, অনৈতিক, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণ করেছেন যা খুবই অনভিপ্রেত।

তারা অভিযোগ করে বলেন, সরকার দলীয় লোকদের বাঁধায় বেশ কিছু জায়গায় এবি পার্টির দলীয় অফিসের ব্যানার, সাইনবোর্ড খুলে ফেলতে হয়, সন্ত্রাসীরা বাড়ীওয়ালাকে হুমকি দিয়ে চুক্তি বাতিল করানো এবং দলীয় অফিস বন্ধ করে দেয়।

ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তারা বলেন, সাম্প্রতিক যাচাই-বাছাই কার্যক্রম চলার সময় কিছু কিছু নির্বাচন কর্মকর্তাকে বিশেষ দলের প্রতি আনুগত্যশীল মনে হয়েছে। নানা অপ্রাসঙ্গিক প্রশ্ন করে তারা আমাদের দলীয় নেতা ও কর্মী এবং অফিস ভবনের মালিকদেরকে হয়রানি করার চেষ্টা করেছেন।

কর্মকর্তাদের এই আচরণ ইচ্ছাকৃত এবং হীন উদ্দেশ্যমূলক তৎপরতা বলে অভিযোগ করে এবি পার্টি বলেছে, এটি নিবন্ধন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।