শান্তিপূর্ণ বিদায় না নিলে দেশের মানুষ সরকারকে বিদায় দেবে: গণতন্ত্র মঞ্চ

সরকার ও সরকারি দলের জবরদস্তি করে আরেকটি একতরফা জালিয়াতির নির্বাচনি পাঁয়তারার মুখে মার্কিন ভিসানীতি ঘোষিত হয়েছে। সরকার দেশে গোটা নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে দেওয়ায় মার্কিন প্রশাসন দেশের জন্য চরম লজ্জাজনক এই ভিসানীতি ঘোষণা করেছে। তাই সরকার শান্তিপূর্ণ বিদায় না নিলে দেশের মানুষ গণসংগ্রামের পথে তাদের বিদায় দেবে।

রবিবার (২৮ মে) মালিবাগ রেলগেটের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ মঞ্চের নেতারা এসব কথা বলেন। এ সময় ৪ থেকে ৭ জুন অনুষ্ঠেয় ঢাকা-দিনাজপুর রোডমার্চ সফল করার আহ্বান জানান মঞ্চের নেতারা।

সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা শুরু হয় এবং বাড্ডায় সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হয়।। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকারের অন্যায় জবরদস্তি শাসন দেশকে ভয়ংকর বিপদে নিক্ষেপ করেছে, দেশকে ব্যর্থ ও অকার্যকর করে তুলেছে।’

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই ভোট চোর সরকারের কারণে দেশ ও দেশের মানুষ অপমানিত হচ্ছে। ভোট ডাকাত ও গণবিরোধী সরকারকে দেশের মানুষ আর দেখতে চায় না। আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই সরকারকে বিদায় দেবো।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘দেশে ভোটের অধিকারসহ নির্বাচনি ব্যবস্থা থাকলে এক মার্কিন ভিসানীতিতে সরকার এতখানি বেসামাল হতো না। এই সরকারের পায়ের নিচে মাটি না থাকায়, নানা ছুতায় বিরোধী দল ও তাদের আন্দোলন দমন করতে তৎপর। কিন্তু দেশের মানুষ এই সরকারকে বিদায় দিয়েই ঘরে ফিরবে।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন—ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব।