ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।
সোমবার (১২ জুন) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে খেলাফত মজলিস চলমান সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে। বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা হয়েছে। একটি দলের সর্বোচ্চ নেতা যেখানে নিরাপদ থাকে না সেখানে ভোটাররা কীভাবে নিরাপদে ভোট দিতে যেতে পারে। একজন মেয়র প্রার্থীর ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় আবারও প্রমাণ করে এই সরকার দেশে কোনও সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার তার দায়িত্ব অবহেলা করেছেন। সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।