‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ উল্লেখ করে জাতীয় কৃষক সমিতি অভিযোগ করেছে, কৃষকরাই আজ সবচেয়ে অবহেলিত। কৃষক তার উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য পায় না।
শনিবার (১৮ জুন) জাতীয় প্রেস কাউন্সিলে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় সংগঠনের নেতারা এসব অভিযোগ করেন। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক।
রবিবার (১৮ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কৃষক সমিতির নেতারা উল্লেখ করেন, করোনাকালে কৃষকরা সকল ভয়কে জয় করে ফসল উৎপাদন করেছিল বলেই আমরা খাদ্য ঘাটতি থেকে রক্ষা পেয়েছিলাম। তারা আশা করেন, কৃষকরা তার উৎপাদিত ফসলের যাতে লাভজনক মূল্য পায়, সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
সভা থেকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কৃষকদের সমস্যাগুলো নিয়ে উপজেলা কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ভিত্তিক দাবি দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য সংগঠনের সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, আব্দুল হক, শেখ হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ, হবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আলমগীর রতন, সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানভীর রুসমতসহ কেন্দ্রীয় নেতারা।