নির্বাচনের বিষয়ে দেশবাসী কোনও বিদেশি হস্তক্ষেপ বরদাশত করবে না বলে মনে করে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। শনিবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচন হবে। দেশবাসী কোনও বিদেশি হস্তক্ষেপ বরদাশত করবে না। সব রাজনৈতিক দল আলাপ-আলোচনা করে সংবিধান রক্ষা করে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে।
ঈদুল আজহার পর ষড়যন্ত্রকারীরা দেশব্যাপী নাশকতা শুরু করার পরিকল্পনা করছে মন্তব্য করে তিনি বলেন, ‘হত্যা, রাহাজানি, আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের মিশন বাস্তবায়নে কিছু বলির পাঠাকে ব্যবহার করে আসল কুশলিরা নেপথ্যে থেকে তাদের মিশন বাস্তবায়নের ছক এঁটেছে।’
এ সময় ‘ষড়যন্ত্রকারী, মিথ্যাচারী, ধর্মের অপব্যাখ্যাকারীদের’ বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের পক্ষ হতে। কর্মসূচিগুলো হলো, শনিবার (১৫ জুলাই) বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল। ১৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ঢাকা মহানগরের প্রতিটি থানায় জনসভা, পথসভা ও কর্মী সমাবেশ। ২৯ জুলাই ঢাকা গুলিস্তান বশির অডিটোরিয়ামে সুধী সমাবেশ। ১ আগস্ট থেকে মাসব্যাপী বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহিদদের স্মরণে নানা কর্মসূচি পালন এবং ৭ অক্টোবর শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান জুলকার নাঈন ডালিম, মাওলানা আবু হানিফ, মাওলানা আব্দুর রহিম হাজারী, মহাসচিব শায়খুল হাদিস মুফতি মনিরুজ্জামান রব্বানী প্রমুখ।