যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফার যৌথ ঘোষণা দিয়েছে সমমনা বিভিন্ন দল ও জোট। বিএনপি ঘোষিত ১০ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।
বুধবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এসব দাবি জানানো হয়। তারা পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে।
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বিএনপি ঘোষিত ১০ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে।
জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেছেন, বিনা ভোটের সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন ও গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পদত্যাগের কোনও বিকল্প নেই। দলীয় সরকারের অধীনে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনকেই একমাত্র সাংবিধানিক উপায় হিসেবে তৈরি করে রেখেছে। যা ২০১৪-১৮ সালের নির্বাচনের আদলে বিজয়ী হওয়ার কূটকৌশল। প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রে কোনও প্রতিষ্ঠান সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালন করছে না।
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি মো. নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি আবু হানিফ, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি আতিকুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার প্রমুখ।