দ্রুততম সময়ে শেখ হাসিনা সরকারকে বিদায় করবো: গণফোরাম

জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফা যৌথ ঘোষণার গণসমাবেশ করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

বুধবার (১২ জুলাই) বিকাল ৪টায় নটরডেম কলেজের বিপরীত পাশে ‘গণফোরাম চত্বরে’ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এক দফা দাবি ঘোষণা করেন গণসমাবেশের প্রধান অতিথি গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিএনপি যে ঘোষণা দিয়েছে গণফোরামও ব্যতিক্রম ছিল না।

গণসমাবেশে সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আপনার সরকার এদেশে লংকাকাণ্ড ঘটিয়েছে, দেশের জনগণ আপনাকে অনেক সহ্য করেছে, অনেক সুযোগ দিয়েছে, আর না। আপনাকে এ দেশের জনগণ বিশ্বাস করে না, আপনি বিদায় হোন। তাহলে সারা দেশে শান্তি ফিরে আসবে। আজকে এক দফা দাবি ঘোষণা করে আমরা ইতিহাস রচনা করতে যাচ্ছি। ঘোষিত এক দফা দাবির ভিত্তিতে খুব দ্রুততম সময়ে শেখ হাসিনা সরকারের বিদায় বাংলাদেশের মাটিতে আমরা করবো।’

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ জুলাই ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা পালন করা হবে। ঢাকা মহানগরীতে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং ১৯ জুলাই   ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন— গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার, আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য আজম রুপু, ফারুক হোসেন, কামাল উদ্দিন সুমন, মাহফুজুর রহমান মাসুম, ইমাম হোসেন, শেখ শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।