পল্টন থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা করেছে লেবার পার্টি

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের একদফা দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশ লেবার পার্টি। পল্টন মোড় থেকে শুরু হয়ে সচিবালয়, প্রেস ক্লাব, বায়তুল মোকারম, দৈনিক বাংলা, মতিঝিল শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হয়।

মিছিলের আগে পুরানা পল্টন কস্তুরী চত্বরে এক সমাবেশে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ঢাকা-১ আসনের নির্বাচন জনগণ ঘৃনাভরে প্রত্যাখান করেছে।...রাজনৈতিক সংকট এবার রাজপথেই সমাধান হবে। ক্ষমতা দখলকারীদের অধীনে আর কোনও জালিয়াতির নির্বাচন করতে দেবো না।’

ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা।

বুধবারও (১৯ জুলাই) পদযাত্রা করবে লেবার পার্টি। এ দিন বেলা ১১টায় পুরানা পল্টনে দলের জমায়েত হয়ে পদযাত্রা কর্মসূচি চলবে নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, টিটিপাড়া হয়ে মানিকনগর পর্যন্ত।