‘যারা পাতানো নির্বাচনে অংশ নেবে তারা বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে’

যারা পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতির কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। 

সমাবেশে সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, ‘আজ সারা দেশের জনগণ অপেক্ষা করছিল, ঢাকায় একটা সমাবেশ হবে। কী ঘোষণা আসে সেটা তারা শুনবে। কিন্তু সরকার সে সমাবেশ আমাদের করতে দেয়নি। জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচন দিতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া কোনও রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর যারা সেই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতির কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হয়ে থাকবে। ’

সংগঠনের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে হবে। আজ বিএনপির যে সমাবেশ ছিল সেটা আপনারা (সরকার) করেতে দেননি। আপনারা তাদের ভয় পান। এর জন্য সমাবেশ করতে দেননি।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় সমাবেশে আরও ছিলেন জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. শাহজাহান, জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুর রহমান, শেখ আলিম উল্লাহ আলিম প্রমুখ। সমাবেশ শেষে তারা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করে পল্টন মোড়ে গিয়ে শেষ করেন।