‘পুলিশের হামলা’র প্রতিবাদে ববি হাজ্জাজের মিছিল

‘সরকার পতনের এক দফা দাবি’ আদায়ের চলমান যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) সকালে রাজধানী ঢাকার প্রবেশমুখ চিটাগং রোডের সাইনবোর্ড সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ‘অবস্থান কর্মসূচিতে’ পুলিশ হামলা এবং লাঠিচার্জ চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এর প্রতিবাদে পরে ঝটিকা মিছিল করেছে এনডিএম। এদিন বিকালে মালিবাগে দলের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএমের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।

মিছিলের আগে সংক্ষিপ্ত এক সমাবেশে ববি হাজ্জাজ বলেন, ‘আজ বিএনপিসহ আমাদের অগণিত নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর রায় এবং আমানউল্লাহ আমানের ওপর নির্মম হামলা হয়েছে। গত ১৫ বছর ধরে আমাদের ওপর হামলা করেও এই ফ্যাসিস্ট সরকার মুক্তিকামী জনতার মনোবল একবিন্দু কমাতে পারে নাই। এই ন্যক্কারজনক হামলা প্রমাণ করে সরকারের ভীত নড়ে গেছে।’

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তির দাবি করে তিনি বলেন, ‘বাসে উঠে পুলিশ যেভাবে সাধারণ জনগণের মোবাইল চেক করেছে, সেটা মানবতাবিরোধী অপরাধের শামিল।’

এ সময় উপস্থিত ছিলেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান, যুব আন্দোলনের সভাপতি আদনান সানি, ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা জুয়েল প্রমুখ।