জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল ও মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান।
সোমবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, ‘জাতির পিতার রাজনীতিকে অবলম্বন করলেই মুক্তিযুদ্ধের পথে থাকতে সক্ষম হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু প্রণীত বিদেশনীতিকে সামনে রেখেই আগামী দিনের স্বদেশ গঠন করতে হবে, যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বাণীতে এম এ আউয়াল উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিগত ১৪-১৫ বছরে বাংলাদেশ একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে যে সংগ্রাম তিনি করে চলেছেন, সেই সংগ্রাম এখন নতুন এক চ্যালেঞ্জের মুখে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র, চক্রান্ত, অপকৌশল চলছে। এসব অপকৌশল হচ্ছে বাংলাদেশকে পেছনে টেনে ধরার জন্য।’
‘শেখ হাসিনার নেতৃত্বে এইসব ষড়যন্ত্র নস্যাত করে দিতে হবে’ আহ্বান জানিয়ে এম এ আউয়াল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষে তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, সেই সংগ্রামের আলোকেই দেশের স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে তার কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ ধর্মীয় স্বাধীনতার পথে এগিয়ে চলেছে। কোনও মৌলবাদী বা দেশবিরোধী শক্তি এই অগ্রগতি দমিয়ে রাখতে পারবে না।’