মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগ হেরে গেছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘রাজনীতির আসল লড়াইয়ের আগেই আওয়ামী লীগ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে হেরে বসে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের বেসামাল কথাবার্তাই তার প্রমাণ।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সংগঠকদের দুই দিনব্যাপী ‘রাজনৈতিক-সাংগঠনিক কর্মশালা’ উদ্বোধন করার সময় এ কথা বলেন সাইফুল হক। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়েছে।

সাইফুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ হেরে গেলে রক্তগঙ্গা বয়ে যাওয়ার কথাবার্তা তাদের পরাজয়ের আগাম ইঙ্গিত। তারা তাদের কথিত খেলা শুরুর আগেই হেরে যাওয়ার বার্তা দিচ্ছেন; যা আওয়ামী লীগের সাধারণ কর্মী সংগঠদের অবশিষ্ট মনোবলকেও তলানীতে নিয়ে গেছে।

কর্মশালায় আরও বক্তব্য দেন, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন প্রমুখ। কর্মশালায় বিভিন্ন জেলার নির্বাচিত সংগঠকরা অংশগ্রহণ করছেন।