নির্বাচনি সংকটের আগুনে ঘি ঢেলে দেওয়া হয়েছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নির্বাচন কেন্দ্রীক সংকট উত্তরণে আশাবাদের পরিবর্তে প্রকারান্তরে আগুনে ঘি ঢেলে দেওয়া হয়েছে।’

বুধবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন।

সাইফুল হক বলেন, ‘সরকারের এই অবস্থান রাজনৈতিক সংকট কেবল আরও ঘনীভূত করবে, দেশ ও দেশের জনগণকে মারাত্মক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে; দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগও বাড়িয়ে তুলবে।’

তিনি বলেন, ‘সরকার ও সরকারি দলের আরও একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশকে ভয়ংকর বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিরোধী দলকে দমন করে সরকারের যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার উগ্র চেষ্টা দেশকে অনিবার্য সংঘাত সংঘর্ষের পথে নিয়ে গেছে।’

সময় শেষ হয়ে যাওয়ার আগেই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।