পাঁচ বছর কষ্ট করার চেয়ে ১০-১২ দিন কষ্ট করাই শ্রেয়: কর্নেল অলি

পাঁচ বছর কষ্ট করার চেয়ে ১০-১২ দিন কষ্ট করাই শ্রেয় বলে মনে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘ধুঁকে ধুঁকে মরে লাভ নাই। সকল সক্ষম জনগণ মেহেরবানি করে আমাদের কর্মসূচিগুলোতে সহযোগিতা করেন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচিগুলো সফল করার জন্য সাহায্য করুন।’

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, এ দেশ আমাদের সকলের, এ দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ঐক্যবদ্ধ হোন, দেশকে বাঁচান। দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম করুন। কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না। নিজের পায়ে কুড়াল মারবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য।

এ সময় তিনি আগামী ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করার পরামর্শ দেন।

এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল প্রমুখ।