অবরোধ চালিয়ে নিতে জনগণের প্রতি আহ্বান গণতন্ত্র মঞ্চের

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। এ সময় অবরোধ চালিয়ে নিতে জনগণকে সমর্থন ও অংশগ্রহণ করার আহ্বান জানান মঞ্চের নেতারা।

রবিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টন থেকে মিছিল শুরু করে বিজয়নগর ও জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে ঘুরে এসে ফের পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন মঞ্চের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা বলেন, জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকার নিয়ে সরকার ও সরকারি দলকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে মানুষের অধিকার হরণ করা যাবে না। বিশেষ কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী ও মাফিয়াদের স্বার্থে দেশ ও জনগণকে জিম্মি হতে দেওয়া যাবে না।

বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে এখন ষড়যন্ত্র ও মিথ্যার আশ্রয় নিয়েছে জানিয়ে তারা বলেন, দমন-পীড়নের মধ্য দিয়ে সরকার এখন গদি রক্ষার শেষ চেষ্টা করছে। কিন্তু এবার দেশের মানুষ এ সরকারকে বিদায় দিতে মরিয়া। তারা বলেন, অচিরেই গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে এ সরকার বিদায় হবে।

চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।

মঞ্চের বর্তমান সমন্বয়ক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন— গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।