বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী ৮ ও ৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি সফল করতে এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে অলি আহমদ বলেন, ‘এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।’
কর্নেল অলি বলেন, ‘গত ৫ ও ৬ নভেম্বর সমগ্র দেশে আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করায় আমি দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থেকে কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান— গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচিগুলো সফল করতে সহায়তা করুন।’