সরকার কাউকে তোয়াক্কা করছে না: গণঅধিকার পরিষদ

সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের একাংশ।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকের কাছে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন গণঅধিকার পরিষদের নেতারা।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘রাজনীতির মাঠ ভিন্নমতশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের গুম-খুন ও ভোট চুরির বিরুদ্ধে আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ সবাই নিন্দা জানাচ্ছে। কিন্তু সরকার কাউকে তোয়াক্কা করছে না।’

তিনি বলেন, ‘দেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা রাজপথে নেমে এসে চলমান আন্দোলনকে সফল করেন। আন্দোলনের মাধ্যমে সবকিছু ফয়সাল হবে।’

মিছিলে উপস্থিত ছিলেন– গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, ফাতেমা তাসনিম প্রমুখ।