বিএনপি-জামায়াত সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে: জাসদ

বিএনপি-জামায়াত সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক পথ পরিত্যাগ করে সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘বিএনপি-জামায়াতের অবরোধের নামে আগুনসন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত, নৈরাজ্যের’ প্রতিবাদে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে জাসদের ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনও বিকল্প নেই, সরকার বা ক্ষমতার পরিবর্তনেরও কোনও পথ নেই। বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়।

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হানের সভাপতিত্বে এবং জাসদ নেতা আহসান হাবীব শামীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন– জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, মোহাম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী প্রমুখ। 

সমাবেশ শেষে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়ক প্রদক্ষিণ করেন নেতারা।