নির্বাচন ‘বর্জন করায়’ দেশবাসীকে অভিনন্দন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নজিরবিহীন ডামি নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনায় রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেবে না। ভোট বর্জনের মধ্য দিয়ে মানুষ তাদের অহিংস প্রতিবাদের শক্তির প্রমাণ দিয়েছে। ‘নির্বাচন বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা প্রকাশ করায়’ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্যদের সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক  বলেন, এই নির্বাচন দেশকে প্রকারান্তরে প্রবল কর্তৃত্ববাদী একদলীয় অগণতান্ত্রিক শাসনের দিকেই পরিচালিত করবে; ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দেবে, অবশিষ্ট গণতান্ত্রিক অধিকারকে আরও বিপদগ্রস্ত করবে।

তিনি বলেন, গতকালের  গণঅনাস্থার পর কথিত দেশে ফ্যাসিবাদী দুঃশাসনকে, সরকারের অবৈধ ও অনৈতিক ক্ষমতা  আরও প্রলম্বিত করার কোনও অবকাশ নেই।

অবিলম্বে ভোটের ফলাফল বাতিল করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক সংকট উত্তরণে বিশ্বাসযোগ্য কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম,  স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মোহাম্মদ শিমুল, আইয়ুব আলী, জামাল সিকদার প্রমুখ।