৭ জানুয়ারির ‘প্রহসনের ডামি নির্বাচন’ বাতিল করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। সভা পরিচালনা করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার।
দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক বিশ্বও এই নির্বাচনকে গ্রহণ করেনি। সেই ভয়ে এত জলদি করে এমপিরা শপথ নিলো, মন্ত্রীরা শপথ নিলো। তাদের ভয় কখন গণেশ উল্টে যায়। কিন্তু এই শপথ নেওয়ায় কিংবা দ্রুত সরকার গঠনে কাজ হবে না।
তারা বলেন, ৭ জানুয়ারি মানুষ ভোট বর্জন করে নৈতিক যে শক্তি দেখিয়েছে, এটা গণতন্ত্রের শক্তি, মানবিক মর্যাদার শক্তি, ন্যায়বিচারের শক্তি। এটা নতুন গণপ্রতিরোধের সূচনা। এর ওপর দাঁড়িয়েই চলমান আন্দোলন নতুন শক্তিতে বলীয়ান হবে। জনগণের আন্দোলনের মুখেই এই সরকারকে বিদায় নিতে হবে।
সংসদ ভেঙে দিয়ে সব দলের সঙ্গে আলোচনা করে নতুন করে ভোটের আয়োজন করতে হবে বলেও সমাবেশে দাবি করেন নেতারা।