বর্তমানে দেশ একটি কঠিন সময় পার করছে। আন্দোলনের মাধ্যমেই দেশকে এই কঠিন সময় থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসনাত আমিনী। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা আবুল হাসনাত আমিনী বলেন, নেতা হয়ে শুধু বক্তব্য দলে হবে না, সব ছাত্রকে ইসলামী খেলাফতের পতাকার নিচে আনতে হবে। দেশের বড় বড় আলেমরা বিক্রি হয়ে গেলেও ইলসামী খেলাফতের ছাত্ররা কখনও বিক্রি হবে না।
সম্মেলনে ইসলামী ঐক্যজোটের ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, চারদিকে আদর্শের অবক্ষয় চলছে। নাস্তিকতাবাদী অপশক্তি ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করছে। ইসলামী আন্দোলন বন্ধ করার অপচেষ্টা করছে। পরিষ্কার করে বলছি, রক্তচক্ষু দেখিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না।
সম্মেলনে মো.খোরশেদ আলমকে সভাপতি ও আবুল হাসেমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী দুই বছরের জন্য ৮১ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী।
আনছারুল হক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান যুগ্ম-মহাসচিব আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আব্দুল হাই ফারুকী, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব ও খেলাফতে ইসলামীর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা ইয়াকুব গাজী প্রমুখ।
/সিএ/এএইচ/
/আপ-এএ/