সিন্ডিকেট আ.লীগকে খেয়ে ফেলেছে: সাইফুল হক

বাজারের অসৎ, মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করেনি, তারা পুরোপুরিভাবে সরকারি দল আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘ডামি নির্বাচনের সরকার থেকে দেশ বাঁচাও, দ্রব্যমূল্যের আগুন থেকে মানুষকে রক্ষা করো’  শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন,  ‘‘আজকে বাজারের যে পরিস্থিতি, মানুষ বাজারে বলে যে, মনে হয় না দেশে কোনও সরকার আছে। বাজারের অসৎ, মুনাফাখোর, সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করেনি, তারা পুরোপুরিভাবে সরকারি দল আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে। এসব ব্যবসায়ী আজকে বাজারে যা খুশি তাই করে, আওয়ামী লীগকে হজম করে ফেলেছে। তারা মনে করছে, সরকারি দলের কিছু করার নেই তাদের বিরুদ্ধে। কারণ, ৭ তারিখে যে ‘ডামি’ নির্বাচন হয়েছে— তাতে দুশোর ওপরে চিহ্নিত ব্যবসায়ীকে এমপি ঘোষণা করা হয়েছে। আর এর প্রকৃত হিসাব হবে আড়াইশোর ওপরে। এর মানে হচ্ছে এই পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া, ব্যাংকখেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে। সেই কারণেই আওয়ামী লীগ এখন ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে।’’

সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল।  কিন্তু তারা রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি বলতে চাই, বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করেছেন, বহু আগেই সেই আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।’

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।