এমপি আজীম হত্যার বিশ্বাসযোগ্য তদন্তের দাবি সাইফুল হকের

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারতে সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নৃশংস হত্যাকাণ্ড  একদিকে খুব দুঃখজনক, অপরদিকে এই ঘটনা দেশের ‘আন্ডার ওয়ার্ল্ড’ এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা ও তাদের  অপরাধ জগতের  খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে। এ  ঘটনা  দেশের আইন প্রণেতাদের একাংশ ও রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান ও বিত্তশালীরা চোরাকারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত, সে সম্পর্কেও নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন— শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম আজাদ প্রমুখ।

এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত, সংশ্লিষ্ট সবঅপরাধীকে গ্রেফতার, বিচার এবং এই হত্যাকাণ্ডের সমগ্র বিষয় প্রকাশ করার  জন্য সরকারের প্রতি আহ্বান জানিান সাইফুল হক। তার দাবি, ভারতে সরকার দলীয় এমপি আনোয়ারুল আজীম আনারের নৃশংস হত্যাকাণ্ড দেশের অপরাধ জগতের খানিকটা প্রকাশ করে দিয়েছে।

সভায় আগামী ৩১ মে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন সফল করার আহ্বান  জানানো হয়।