একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসছে: সাইফুল হক

রিমালের মতো একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, দেশে বিগত সময়ের তুলনায় দুর্নীতি বেড়েছে। বেনজীর একা না, তার মতো মাফিয়ারা বাংলাদেশকে গিলে ফেলেছে৷ গোটা রাষ্ট্র আজ দুর্নীতিবাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ সাবেক সেনাপ্রধানকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷ এটা সেনাবাহিনীর জন্য লজ্জ্বাজনক৷ ক্ষমতায় থাকার জন্য সরকার এসব কর্মকর্তাদের যা খুশি তাই করার সুযোগ করে দিয়েছে৷ এর দায়ভার সরকার এড়াতে পারে না৷

তিনি বলেন, ভোটের অধিকার ক্ষুণ্ন হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ৷ রাজনৈতিক দলগুলো সমাবেশে রিকশা শ্রমিকদের ব্যবহার করে৷ কিন্তু, রিকশা শ্রমিকদের অধিকার নিয়ে কোনও কাজ করে না৷ শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিয়ে কোনও কাজ করে না৷

রিকশা শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী বাজেটের আগে রিকশা শ্রমিকদের সাথে বসুন, আলোচনা করুন৷ তাদের ভাগ্য উন্নয়নে বরাদ্দ দিতে হবে৷ অবৈধ কর্মকর্তাদের দুর্নীতির সম্পদ বাজেয়াপ্ত করলে ২০ লাখ গরিব মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব৷

এসময় সংক্ষিপ্ত সমাবেশে সরকারি চাকরিতে রিকশাচালকদের সন্তানদের কোটাভিত্তিক নিয়োগের দাবি তুলেছেন বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি৷ সমাবেশে বক্তারা বলেন, লাখ লাখ রিকশা শ্রমিকেরা এখন বহুকষ্টে দিন পার করছে। অথচ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রিকশা শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এসময় রিকশা চালকদের জীবনমান উন্নয়নে ৯ দফা দাবি তুলে ধরা হয়৷ তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— পরিবেশবান্ধব রিকশার আধুনিকায়ন করা;  রিকশা শ্রমিকদের জন্য সারা বছর কমদামে রেশনের ব্যবস্থা করা; সরকারি চাকরিতে শ্রমিক পরিবারের সন্তানদের কোটাভিত্তিক নিয়োগ দেওয়া;  শ্রমিকদের অঙ্গহানি ভাতা ও মৃত্যুকালীন অনুদান প্রদান নিশ্চিত করা; রিকশা শ্রমিকদের নবায়নবিহীন ফ্রি লাইসেন্সের আওতায় নিয়ে আসা; বেকার, ভাসমান ও খণ্ডকালীন রিকশা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনের সড়কে রিকশা চালকদের নিয়ে একটি র‍্যালির আয়োজন করা হয়৷