‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে কোনও নীতিই সুফল আনবে না’

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ড. সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে কোনও নীতিই দেশ ও জনগণের জন্য সুফল বয়ে আনতে পারবে না। আর অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হলে, বিদেশি অপশক্তি তাদের ভূরাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের সুযোগ পাবে এবং অযাচিত হস্তক্ষেপ করবে।

শুক্রবার (৭ জুন) আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ার এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

ড. সাইফুদ্দীন আহমদ বলেন, বাজেটে ইতিবাচক অনেক দিক যেমন রয়েছে, তেমনি অনেক বিষয়ে আমরা সরকারকে পুনর্বিবেচনার কথা বলছি। বাংলাদেশ এখন অর্থনীতির বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, ডলার সংকট, রেমিট্যান্স ও বিনিয়োগে আশানুরূপ সাফল্য না আসা, খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা, অর্থপাচার, রাজস্ব আয়ে ঘাটতিসহ আরও অনেক বিষয় মোকাবিলা করতে হচ্ছে। তাই বাজেটে এ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পদক্ষেপ নেওয়া জরুরি ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া আমাদের আইনের শাসন ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি। আমরা যদি দুর্নীতি ও অসাধুদের এ রকম সুযোগ দিই, তবে বৈধ পথে উপার্জনকারীরা নিরুৎসাহিত হবে এবং দুর্নীতি আরও বাড়বে। এ ছাড়া এগুলো দীর্ঘমেয়াদি বা টেকসই সমাধান নয়। আমাদের অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে।