একদফা আন্দোলনের বিকল্প নেই: ভাসানী অনুসারী পরিষদ

দেশে একদফা আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেছেন, দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা রাজপথে রয়েছি। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। যতক্ষণ না অধিকার আদায় হয় আমাদের এই সংগ্রাম চলবে।

শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কিছু নেতাকর্মী ভাসানী অনুসারী পরিষদে যোগ দেয়। দেশের বিভিন্ন সংগঠন থেকে যোগ দেন অন্তত ২০-২৪ জন।

সদ্য যোগদানকারী নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘মানুষের ভোটের অধিকার রক্ষা, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং মানুষের নাগরিক ও মৌলিক অধিকার জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে ভাসানী অনুসারী পরিষদ। গণতন্ত্র মঞ্চ গঠনের প্রথম উদ্যোগও নিয়েছিল দলটি।’