বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পর্কে ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য তার শপথভঙ্গের শামিল। কারণ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের সহকর্মীরা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে দায়িত্ব পালনের শপথ নিয়েছিলেন।
সোমবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত। শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে প্রধানমন্ত্রী তাদের উত্তেজিত করে তুলেছেন।’
কোটা সংস্কারের ন্যায্য দাবি নীতিগতভাবে মেনে নিয়ে তা বাস্তবায়নে বিশ্বাসযোগ্য উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক।
তিনি বলেন, ‘এ বিষয়ে হাইকোর্ট প্রদত্ত রায়েও বলা হয়েছে, নির্বাহী বিভাগ চাইলে কোটা ব্যবস্থা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে।’
বিবৃতিতে নিপীড়ন-নির্যাতনের পথে শিক্ষার্থীদের এই জনপ্রিয় আন্দোলন দমনের যে কোনও তৎপরতা থেকে সরে আসতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের এই নেতা।