চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে মঙ্গলবার (২০ আগস্ট) সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ক.) ফাতেহা শরিফ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
সমাবেশে দরবার শরিফের সাজ্জাদানশীন সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, এ পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয় হলো শান্তি প্রতিষ্ঠা। সকলে আমরা শান্তির কথা বলি; অথচ বিশ্বে যুদ্ধ-সংঘাত চলছে। কেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না? এর কারণ হলো- আমরা পারফেক্ট মডেল অনুসরণ করছি না। আমাদের জন্য পারফেক্ট আদর্শ হলেন প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মানবতা, নিঃস্বার্থ ভালোবাসা, ন্যায় ও বৈষম্যহীন চেতনা। একমাত্র তিনিই 'মদীনা সনদ'-এর আলোকে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলেছিলেন।’
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শায়খুল ইসলাম সৈয়দ মইনুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারি (ক.)'র ১৩তম বার্ষিক ওরশ শেষে ফাতেহা শরিফ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে বোখারি শরিফ শেষে আখেরি দোয়া করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
এ সময় গত মাসের ১২ তারিখের পর থেকে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাআতের একতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মাইজভাণ্ডারী।