সবার কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা জরুরি: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘এই মুহূর্তে সারাদেশে ত্রাণ তৎপরতাকে আরও জোরদার করা এবং একটা সমন্বয়ের মাধ্যমে সবার কাছে যাতে সহায়তা পৌঁছে তার ব্যবস্থা করা জরুরি। পরবর্তী সময়ে সরকার, রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে যাতে করে বন্যার ক্ষয়ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।’

সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণে গিয়ে সাকি এসব কথা বলেন। এসময় তার দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বন্যা নতুন পরিস্থিতির উদ্ভব হচ্ছে। অন্যদিকে উজানে ভারত কর্তৃক অভিন্ন নদীতে অসংখ্য বাঁধ তৈরির কারণে যেভাবে নদীর নাব্য কমে যাচ্ছে, তাতে বর্ষা মৌসুমে নদীগুলো পানি ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলছে।’ বলেন জোনায়েদ সাকি।

গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং দেশের ভেতরে নদী ও খাল খনন, নদী দখল প্রতিরোধ ইত্যাদি দীর্ঘ মেয়াদে রাজনৈতিক সংগ্রামের বিষয় না হলে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না।’

‘ফলে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আমাদের যে কোনও প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করতে হবে।’ বলেন সাকি