আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের। আশা করি এই হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন।

উমামা পোস্টে লেখেন, ‘এনসিপির নেতারা গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন। তাদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা প্রত্যাশা করি। জুলাই থেকে জুলাই-এ আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত না হয়ে জুলাইয়ের সব শক্তিকে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশনের প্রয়োজন হতো না।’

তিনি আরও লেখেন, জুলাই কোনও সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না। মানুষ জীবন দিয়েছে এই জুলাইয়ে। এটাকে ফেসবুকের ক্লিকবেইট আলফা মেইল সিন্ড্রোমে নামায়েন না। আজকে শহীদ আবু সাইদ, শহীদ ফারুক, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুবার্ষিকী। আমাদের ‘জুলাই শহীদ দিবস’-এ শহীদ ভাইদের স্মরণ করি।