ঐকমত্য কমিশন

সংবিধানের চার মূলনীতি বাতিল প্রশ্নে সভা বর্জন করলো চার বাম দল

বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়া প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সভা বর্জন করেছে চার বাম দল। তাদের মতে, এটি মুক্তিযুদ্ধের সনদ। এর বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। মূলত মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলো তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই এ বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। তাই তারা সভা বর্জন করেছেন বলে জানান।

সভা বর্জনকারী দলগুলো হলো— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ জাতীয়  সমাজতান্ত্রিক দল-জাসদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সোয়া ৯টায় সভাস্থল থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশতাক আহমেদ।

তারা বলেন, এটি জাতি গঠনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। তাই সংখ্যাগরিষ্ঠতার জেরে এখানে সমাধান করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এটি জনগণের ওপর ছেড়ে দিতে হবে। আমরা এ সিদ্ধান্তের বৈধতা দিতে পারি না।