জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত ছাত্র ফেডারেশনের

জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অনুষ্ঠেয় মঙ্গলবারের অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত জানিয়েছে অভ্যুত্থানে সক্রিয় ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন।

সোমবার (৪ আগস্ট) রাত দশটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

বাংলা ট্রিবিউনকে সৈকত আরিফ বলেন, বর্জনের পেছনে একাধিক কারণ থাকলেও, আমরা একটি মূল কারণকে সামনে আনতে চাই— অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সরকার এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি, আহত ও শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের এই উদযাপন আয়োজনের নৈতিক অধিকার আমরা মানি না।

আরিফ আরও বলেন, "দ্বিতীয়ত জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা ছাত্র সংগঠনের সাথে আলোচনা করেনি।"

সৈকত আরিফ যোগ করেন, এমনকি গত ১ বছরে ছাত্র সংগঠনের সাথে কোনও বৈঠকই করেনি। বরং তারা বৈষম্যবিরোধীদের একটা নির্দিষ্ট গোষ্ঠীকেই অভ্যুত্থানের নেতৃত্ব আকারে চিহ্নিত করে বাকি ছাত্র সংগঠনগুলোর প্রতি অন্যায় করেছে যা একইসাথে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে। তাই আমরা আগামীকাল যাচ্ছি না।"

ছাত্র ফেডারেশন সম্পাদক জানান, অভ্যুত্থানে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অন্যতম ছাত্র ফেডারেশন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস পাঠ এ ঘোষণাপত্র করবেন। এতে দেশের রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনসহ অভ্যুত্থানের পক্ষগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।