বঙ্গবন্ধু হত্যা দিবসে নিজেদের দলীয় কার্যালয়ে রাখা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আয়োজিত স্মরণ সভার আগে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
দলের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন।
স্মরণ সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনাটি শুধু বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে শোকাবহ ঘটনাই নয়, এই হত্যাকাণ্ড আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি কালো অধ্যায়।
বক্তারা জাসদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বক্তারা বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘর শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং সেই ইতিহাস আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুড়িয়ে দিয়ে, ১৫ আগস্ট শোক দিবস পালনে নিষেধাজ্ঞা দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না।