ঢাকা-১২

নির্বাচিত হলে কাওরান বাজারকে চাঁদামুক্ত করার ঘোষণা সাইফুল হকের 

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি জোট সমর্থিত ‘কোদাল’ প্রতীকের প্রার্থী সাইফুল হক বলেছেন, তিনি নির্বাচিত হলে কাওরান বাজারসহ পুরো নির্বাচনি এলাকাকে চাঁদাবাজমুক্ত করবেন। তিনি বলেন, “চাঁদাবাজির জুলুম বন্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।”

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর তেজতুরী বাজার ও কাওরান বাজার এলাকায় নির্বাচনি গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

এদিন বিকাল ৩টায় রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন সাইফুল হক। তেজতুরী বাজার হয়ে তিনি কারওয়ান বাজারে পৌঁছান এবং সেখানে দুটি নির্বাচনি কেন্দ্র উদ্বোধন করেন। আসরের নামাজের পর তিনি তেজকুনিপাড়া ও মনিপুরীপাড়া এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। 

কারওয়ান বাজারের পথসভায় সাইফুল হক বলেন, “আমি নির্বাচিত হলে কাওরান বাজারের ছোট-বড় সব ব্যবসায়ী কোনও প্রকার চাঁদা ছাড়াই ব্যবসা করতে পারবেন। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কেবল সরকার ও সিটি করপোরেশনের আইন অনুসরণ করলেই চলবে, কোনও অদৃশ্য শক্তির পকেট ভরতে হবে না।” 

তিনি আরও বলেন, “ঢাকা-১২ আসনের মানুষ দীর্ঘদিন সন্ত্রাস ও মাদকের দৌরাত্ম্যে অবহেলিত ছিল। ক্ষমতায় গেলে এসব অপশক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “গত ১৭ বছরের আন্দোলন এবং দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা আবারও ভোটের অধিকার অর্জন করতে পেরেছি। তাই এবার সচেতনভাবে দেখে-শুনে ‘কোদাল’ মার্কায় ভোট দিতে হবে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনে কোনও কোনও পক্ষ কালো টাকা ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে, ভোটারদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।

সাইফুল হক তার বক্তব্যে আরও বলেন, “রাজনীতি আমার কাছে কোনও ব্যবসা নয়, এটি একটি ইবাদত। জনগণের কল্যাণ ছাড়া আমার কোনও ব্যক্তিগত স্বার্থ নেই।” তিনি নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ এলাকার মৌলিক নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।

গণসংযোগে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করেন।