বৈশাখ ও শোভাযাত্রা নিয়ে সংবেদনশীলতার আহ্বান জমিয়তের

পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা নিয়ে সংবেদনশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর জাতীয় সংসদে দেওয়া সাম্প্রতিক বক্তব্য গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করে তারা এ আহ্বান জানায়। 

সংগঠনটির মতে, বক্তব্যটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী বলে তাদের কাছে মনে হয়েছে। একটি বহুধর্মী ও বহুসাংস্কৃতিক সমাজে রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং কোনও নির্দিষ্ট সংস্কৃতি বা আচার-অনুষ্ঠান অন্য সম্প্রদায়ের ওপর চাপিয়ে না দেওয়া।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি সাংস্কৃতিক উৎসব হিসেবে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কোনও কার্যক্রম যদি নির্দিষ্ট ধর্মীয় রূপ ধারণ করে বা তা অন্য ধর্মাবলম্বীদের ওপর আরোপের প্রচেষ্টা দেখা যায়, তাহলে তা স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

তারা বলেন, মঙ্গল শোভাযাত্রাকে যদি ধর্মীয় আচার হিসেবে উপস্থাপন করা হয়, তবে সেটিকে সবার জন্য বাধ্যতামূলক করার যে কোনও উদ্যোগ অনুচিত এবং সংবেদনশীলতার পরিপন্থী।

নেতারা আরও বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। উসকানিমূলক বক্তব্য বা কার্যক্রম থেকে বিরত থাকা এবং পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে এগিয়ে যাওয়াই বর্তমান সময়ের দাবি।

এছাড়া, ভবিষ্যতে দেশের সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে, এমন কোনও বক্তব্য বা উদ্যোগ না নেওয়ার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট সবার প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানান তারা।